ডেইলি খবর
সত্যের সন্ধানে, প্রতিদিন
ঢাকা সংস্করণ
ব্রেকিং
লাইফস্টাইল

স্বপ্নের মানসীর খোঁজে ১৯০০ কিমি পাড়ি দিয়ে জানলেন, প্রেমিকা আসলে এআই!

স্বপ্নের মানসীর সঙ্গে ঘর বাঁধার আশায় নিজের সমস্ত সম্পত্তি বিক্রি করে প্রায় ১ হাজার ৯৩১ কিলোমিটার পথ পাড়ি দিয়েছিলেন ব্রাজিলের ৪৯ বছর বয়সী রাজমিস্ত্রি এদিমার রোচা মার্তিন্স। কিন্তু গন্তব্যে পৌঁছে তিনি যে সত্যের মুখোমুখি হলেন, তা কল্পবিজ্ঞানের সিনেমাকেও হার মানায়—যাকে তিনি বিয়ে করতে এসেছিলেন, রক্তমাংসের কোনো অস্তিত্বই তার নেই; তিনি স্রেফ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি একটি কাল্পনিক চরিত্র!

স্বপ্নের মানসীর খোঁজে ১৯০০ কিমি পাড়ি দিয়ে জানলেন, প্রেমিকা আসলে এআই!

ছবি: দ্য ডেলটা লেন্স

মায়াময় ফাঁদ

মায়ের মৃত্যুর পর চরম একাকীত্বে ভুগছিলেন এদিমার। ২০২০ সালে সোশ্যাল মিডিয়ায় 'জেসিকা অলিভেইরা' (বা জেসিকা ফাজেনদেইরা) নামের একটি অ্যাকাউন্টের খোঁজ পান তিনি। খামারে মনোরম গ্রামীণ জীবনযাপন করা এক নারীর ভিডিও দেখা যেত সেই অ্যাকাউন্টে, যার অনুসারীর সংখ্যা ৩ লাখেরও বেশি। ভিডিওতে সেই নারী পুরুষদের তার খামারে এসে থাকার আমন্ত্রণ জানাতেন, দিতেন আর্থিক সহায়তা ও বাসস্থানের লোভনীয় প্রতিশ্রুতি।

গত ৯ অক্টোবর ব্রাজিলের উত্তর-পূর্বাঞ্চলীয় মারানহাও রাজ্যের ইমপেরাট্রিজ থেকে বেলো হরিজন্তের উদ্দেশে রওনা হন এদিমার। ভ্রমণের খরচ জোগাতে বিক্রি করে দেন নিজের শেষ সম্বলটুকুও। ১১ অক্টোবর স্বপ্নের শহরে পৌঁছে হবু স্ত্রীর ছবি হাতে রাস্তায় রাস্তায় ঘুরতে থাকেন তিনি। কিন্তু কেউ চিনতে পারেনি সেই 'জেসিকা'কে।

মোহভঙ্গ

বাধ্য হয়ে স্থানীয় একটি রেডিও স্টেশনে যান এদিমার। সেখানেই ভাঙে তার মোহ—জানতে পারেন, এই নারী আসলে কোড আর অ্যালগরিদমের তৈরি একটি ভ্রম। ওই ভুয়া অ্যাকাউন্টের নেপথ্যে থাকা ব্যক্তি পরে ওই এআই চরিত্রের মাধ্যমেই একটি বিবৃতি দিয়েছে। সেখানে বলা হয়েছে, "আমি কৃত্রিম বুদ্ধিমত্তা। শুধু রিচ আর এনগেজমেন্ট বাড়ানোর জন্যই এই প্রোফাইল খোলা। আমি কখনো কারও সঙ্গে সরাসরি মেসেজে কথা বলিনি, বেলো হরিজন্তে কাউকে আসতেও বলিনি।"

এদিকে পকেটের সব টাকা খুইয়ে অপরিচিত শহরে আটকে পড়া এদিমার বেলো হরিজন্তের সিটি হলে গিয়ে সাহায্য চান। সেখানকার সমাজকর্মীরা তাকে খাবার, গোসলের সুযোগ এবং শহর ছাড়ার বাস টিকিটের ব্যবস্থা করে দেন।

তিনি একা নন

সবচেয়ে চমকপ্রদ বিষয় হলো, গত ছয় মাসে এদিমার একাই নন—এই একই 'এআই সুন্দরী'র খোঁজে বেলো হরিজন্তে এসে ধোঁকা খেয়েছেন আরও দুজন! গত জুনে ৭২ বছর বয়সী ওয়ালটার দা সিলভা রোরাইমা থেকে এবং আগস্টে ৭১ বছর বয়সী আলবের্তো দা কস্তা মানাউস থেকে প্রায় ৩ হাজার রিয়েল খরচ করে এসে একইভাবে প্রতারিত হন।

সব হারানোর পরও এদিমারের মনে প্রেমের আশা এতটুকু কমেনি। তিনি জানিয়েছেন, এই শহরেই আবার ফিরে আসবেন তিনি। তবে এবার আর কোনো 'এআই' নয়, খুঁজবেন সত্যিকারের রক্তমাংসের মানুষ। প্রযুক্তির যুগে মানুষের এই চরম একাকীত্ব আর মোহ যে কতটা অন্ধ হতে পারে, ব্রাজিলের এই ঘটনা যেন তারই এক করুণ প্রতিচ্ছবি।