ফয়সালাবাদ, ১৬ অক্টোবর: স্বপ্ন ছিল শিরোপা উঁচিয়ে ধরার, কিন্তু মাত্র ৪ রানের ব্যবধানে তা ভেঙে গেল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দলের। ত্রিদেশীয় সিরিজের ফাইনালে শুক্রবার শ্রীলঙ্কার কাছে হেরে রানার্সআপ হয়েই সন্তুষ্ট থাকতে হলো তরুণ টাইগ্রেসদের।
ইকবাল স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করতে নামে শ্রীলঙ্কা। দুই ওপেনার সঞ্জনা কাভিন্দি ও ভিমোস্কা বালাসুরিয়ার দারুণ সূচনায় বড় সংগ্রহের ভিত পায় লঙ্কানরা। কাভিন্দি ৪৪ বলে ৭ চার ও ২ ছক্কায় ৬৪ রানের ঝকঝকে ইনিংস খেলেন। বালাসুরিয়া করেন ২৩ রান। পরে উমায়াঙ্গানা পেইরিসের ২৮ ও নেথমি উপেক্ষার ২২ রানে ভর করে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৫৮ রান তোলে শ্রীলঙ্কা। বাংলাদেশের হয়ে ফারজানা ইয়াসমিন, নিশিতা আক্তার নিশি, জান্নাতুল ফেরদৌস ও আফরিন মিম একটি করে উইকেট নেন।
শুরুতেই বিপর্যয়, পরে ঘুরে দাঁড়ানোর লড়াই
১৫৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই বড় ধাক্কা খায় বাংলাদেশ। দলীয় খাতায় কোনো রান যোগ হওয়ার আগেই সাজঘরে ফেরেন দুই ওপেনার মাইমুনা নাহার ও আচেনা জান্নাত। চার নম্বরে নামা শিরিনা খাতুনও মাত্র ৬ রান করে আউট হলে ২১ রানেই ৩ উইকেট হারিয়ে গভীর বিপাকে পড়ে জুনিয়র টাইগ্রেসরা।
সেখান থেকে দলকে টেনে তোলেন অধিনায়ক সাদিয়া ইসলাম ও নিশিতা আক্তার নিশি। চতুর্থ উইকেটে ৬৭ রানের জুটি গড়ে জয়ের স্বপ্ন জাগান দুজনে। সাদিয়া মাত্র ৩৫ বলে ৩ চার ও ১ ছক্কায় ৫৯ রানের ঝড়ো ইনিংস খেলেন। নিশির ব্যাট থেকে আসে ৩৫ রান।
শেষ ওভারের নাটকীয়তা
শেষ ১২ বলে বাংলাদেশের প্রয়োজন ছিল ২৯ রান। ১৯তম ওভারে ১০ রান এলেও ফারজানার উইকেট হারায় চাপ বাড়ে। শেষ ওভারে দরকার ছিল ১৯ রান। সাদিয়া আক্তার তৃতীয় বলে ছক্কা মেরে আশা জাগালেও পঞ্চম বলে বড় শট খেলতে গিয়ে ফিরতে হয় তাকে—২২ বলে ৩৫ রানের লড়াকু ইনিংসের সমাপ্তি। শেষ বলে জান্নাতুলের চারের পরও ৭ উইকেটে ১৫৪ রানেই থেমে যায় বাংলাদেশের ইনিংস।
৪ রানের এই হার নিয়ে মাঠ ছাড়তে হলো বাংলাদেশকে, আর ত্রিদেশীয় সিরিজের শিরোপা উঠল শ্রীলঙ্কার মেয়েদের হাতে।