আইনশৃঙ্খলা রক্ষায় সম্পূর্ণ ব্যর্থতার অভিযোগ তুলে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলের প্রধান হুইপ নাহিদ ইসলাম।
ছবি: উইকিমিডিয়া কমন্স
সোমবার (১৯ অক্টোবর) বিকেলে রাজধানীর পূর্ব বাড্ডার শ্রীশ্রী নিমতলা কালী মন্দির পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ দাবি জানান। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মন্দিরটিতে গিয়েছিলেন এনসিপি নেতারা।
নাহিদ বলেন, "দেশের মানুষ তাকিয়ে আছে, স্বরাষ্ট্রমন্ত্রী কবে পদত্যাগ করবেন। তিনি সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছেন।"
তার অভিযোগ, দেশে চুরি, হত্যা, ধর্ষণ বেড়েছে, অথচ সংসদে ওঠা প্রশ্নের কোনো সন্তোষজনক জবাব দিতে পারেননি স্বরাষ্ট্রমন্ত্রী। নির্বাচনের পর পুলিশ প্রশাসনকে আরও রাজনৈতিকীকরণ করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
"স্বরাষ্ট্রমন্ত্রীর যে কাজ করার কথা, সেটা করছেন না। তিনি ব্যস্ত সংবিধান নিয়ে," যোগ করেন নাহিদ।
ইশরাক-মিষ্টি প্রসঙ্গ
মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের পদত্যাগ প্রসঙ্গে এনসিপি নেতা বলেন, পদত্যাগই শেষ কথা নয়, অভিযোগ যদি ফৌজদারি অপরাধের হয়, তাহলে আইনগত ব্যবস্থা নিতেই হবে। "আইন সরকারের সদস্য ও বিরোধী, সবার জন্য সমানভাবে প্রযোজ্য হতে হবে," বলেন তিনি।
তিনি মনে করিয়ে দেন, সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টিও পদত্যাগ করেছেন, কিন্তু তাকে এখনো গ্রেপ্তার করা হয়নি। "একজনের ইচ্ছা, পছন্দ বা নির্দেশে দেশ চলছে, এটা গণতন্ত্র বা আইনের শাসনের উদাহরণ নয়," মন্তব্য করেন নাহিদ।
মাদক ও সংবিধান প্রসঙ্গ
মাদক পাচার প্রসঙ্গে তিনি দাবি করেন, এই চক্রের সঙ্গে জড়িত অনেকেরই বিএনপি ও সরকারের সঙ্গে যোগসাজশ রয়েছে। কক্সবাজারে মাদক ব্যবসা নিয়ে সংসদে বিএনপির এক জ্যেষ্ঠ নেতার মন্তব্যের প্রসঙ্গ টেনে নাহিদ বলেন, নিজ এলাকাতেই স্বরাষ্ট্রমন্ত্রী পাচার রুখতে ব্যর্থ।
প্রস্তাবিত সংবিধান সংস্কার কমিটিকে "প্রহসন ও নাটক" আখ্যা দিয়ে তিনি বলেন, ঐকমত্য কমিশন ছয় মাসের বেশি আলোচনার পর যে সংস্কারে রাজনৈতিক দলগুলো একমত হয়েছিল, সেগুলো নির্বাচনের পর বাস্তবায়নের কথা ছিল। আরেকটি কমিটি গঠনের পরিবর্তে সংসদেই এ আলোচনা হতে পারে বলে মত দেন তিনি।
মন্দির পরিদর্শনের সময় এনসিপির মুখপাত্র ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র প্রার্থী আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াসহ দলের অন্য নেতারাও উপস্থিত ছিলেন।