বেলফাস্ট, ১৬ অক্টোবর: সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা সরাসরি ইসরায়েলকে সতর্ক করে বলেছেন, কেবল গায়ের জোর আর সামরিক দাপট দেখিয়ে স্থায়ী শান্তি আনা সম্ভব নয়। উত্তর আয়ারল্যান্ডের বেলফাস্টে কুইন্স বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি স্পষ্ট ভাষায় বলেন, ফিলিস্তিনিদের ভিটেমাটি দখল এবং মাত্রাতিরিক্ত বলপ্রয়োগের কারণে ইসরায়েল তার নৈতিক অবস্থান পুরোপুরি হারিয়ে ফেলেছে।
গাজা যুদ্ধ নিয়ে ক্ষোভ
প্রখ্যাত সাংবাদিক সুসান ম্যাককের সঙ্গে আলাপকালে গাজা যুদ্ধ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন ওবামা। ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানিয়ে তিনি বলেন, ইউরোপে ইহুদিদের নিপীড়নের ইতিহাস থাকলেও ফিলিস্তিনিদের ওপর হওয়া অন্যায়কে অস্বীকার করার উপায় নেই। নিজেদের হারানো জমি ফিরে পেতে ফিলিস্তিনিদের লড়াই করাটা সম্পূর্ণ স্বাভাবিক।
ওবামার ভাষায়, 'আমরা শক্তিশালী বলে কাউকে ছাড় দেব না'—ইসরায়েল সরকারের এই অযৌক্তিক অহংকার সাময়িক ফায়দা দিলেও দীর্ঘমেয়াদে তাদের জন্য আত্মঘাতী হচ্ছে।
বাস্তবমুখী হওয়ার পরামর্শ
বর্তমান ইসরায়েলি সরকারকে বাস্তবমুখী হওয়ার পরামর্শ দিয়ে ওবামা মনে করিয়ে দেন, ওই ভূখণ্ডের প্রায় ৭০ লাখ ফিলিস্তিনি চাইলেই হাওয়ায় মিলিয়ে যাবে না। তাদের ওপর জোর করে কোনো কিছু চাপিয়ে দিলে মধ্যপ্রাচ্যে কখনোই শান্তি আসবে না বলে মন্তব্য করেন তিনি।