ডেইলি খবর
সত্যের সন্ধানে, প্রতিদিন
ব্রেকিং
খেলা

পরপর দ্বিতীয়বার বিশ্ব কারাতে চ্যাম্পিয়ন ফিলিস্তিনের মারিয়াম বশারাত, পোল্যান্ডে স্বর্ণপদক জয়

ঢাকা, ১৮ অক্টোবর: টানা দ্বিতীয়বারের মতো বিশ্ব কারাতে চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জিতেছেন ফিলিস্তিনের মারিয়াম বশারাত। শনিবার পোল্যান্ডের বিয়েলস্কো-বিয়ালায় অনুষ্ঠিত বিশ্ব ক্যাডেট, জুনিয়র ও অনূর্ধ্ব-২১ চ্যাম্পিয়নশিপে জুনিয়র নারীদের অনূর্ধ্ব-৬৬ কেজি কুমিতে বিভাগের ফাইনালে তিনি ৩-১ পয়েন্টে হারান স্পেনের নোয়া লোপেজ গনজালেসকে।

পরপর দ্বিতীয়বার বিশ্ব কারাতে চ্যাম্পিয়ন ফিলিস্তিনের মারিয়াম বশারাত, পোল্যান্ডে স্বর্ণপদক জয়

ফাইনালের পথে কঠিন প্রতিদ্বন্দ্বিতার মুখোমুখি হতে হয়েছে ফিলিস্তিনি এই তারকাকে। সেমিফাইনালে তিনি হারান জাপানের ওয়াকানা কারিকোমিকে। বিশ্ব কারাতে ফেডারেশনের (ডব্লিউকেএফ) প্রতিবেদনে জানানো হয়েছে, ওই ম্যাচে তিনি জয় পান নাটকীয় ৮-৭ পয়েন্টের ব্যবধানে। ওই জয়ের মাধ্যমেই তিনি নিশ্চিত করেন টানা দ্বিতীয় বিশ্ব শিরোপার লড়াই।

র‌্যাংকিংয়ে শীর্ষে

এই জয়ের ফলে মারিয়াম বশারাত এখন ডব্লিউকেএফ র‌্যাংকিংয়ে জুনিয়র নারীদের অনূর্ধ্ব-৬৬ কেজি বিভাগে শীর্ষস্থানে রয়েছেন। বিশ্ব ও এশিয়ান চ্যাম্পিয়নশিপ এবং কারাতে ১-ইয়ুথ লিগ সার্কিটে তার ধারাবাহিক সাফল্যের ধারাই যেন অব্যাহত থাকল এই স্বর্ণপদকে।

ফাইনালের দিন পোল্যান্ডে বসবাসরত ফিলিস্তিনি সম্প্রদায়ের সদস্যরা উপস্থিত থেকে তাকে উৎসাহ দেন। সেখানকার ফিলিস্তিনি সম্প্রদায়ের সভাপতি ড. মুহাম্মদ সালেহ বলেন, এই চ্যাম্পিয়নশিপে ফিলিস্তিনের অংশগ্রহণ পোল্যান্ডসহ ইউরোপ ও সারা বিশ্বের ফিলিস্তিনিদের জন্য গর্বের বিষয়।

ফিলিস্তিনি ক্রীড়াঙ্গনের জন্য মারিয়ামের এই অর্জন নতুন প্রেরণা হিসেবে দেখছেন বিশ্লেষকরা। যুদ্ধবিধ্বস্ত পরিস্থিতির মধ্যেও আন্তর্জাতিক অঙ্গনে ফিলিস্তিনের পতাকা উঁচিয়ে ধরার এই সাফল্য বিশ্বজুড়ে প্রশংসা কুড়িয়েছে।

সূত্র: ডেইলি ওয়াদা