ডেইলি খবর
সত্যের সন্ধানে, প্রতিদিন
ঢাকা সংস্করণ
ব্রেকিং
জাতীয়

তিন বছরেও বাস্তবায়ন হয়নি কমিউনিটি ক্লিনিকে বিনামূল্যে উচ্চ রক্তচাপের ওষুধ

২০২৩ সালে দেশের সব কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে উচ্চ রক্তচাপের ওষুধ অ্যামলোডিপিন (৫ মিলিগ্রাম) বিনামূল্যে দেওয়ার সিদ্ধান্ত হলেও তিন বছর পরও তা পুরোপুরি বাস্তবায়ন হয়নি। এতে গ্রাম ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর ওষুধপ্রাপ্তি নিয়ে উদ্বেগ জানিয়েছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা।

তিন বছরেও বাস্তবায়ন হয়নি কমিউনিটি ক্লিনিকে বিনামূল্যে উচ্চ রক্তচাপের ওষুধ

ছবি: ডেইলি ওয়াদা

রোববার রাজধানীর বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) ভবনে "বাংলাদেশে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে টেকসই অর্থায়ন: অগ্রগতি, বাধা ও করণীয়" শীর্ষক সাংবাদিক কর্মশালায় এই উদ্বেগ জানানো হয়। গবেষণা ও অ্যাডভোকেসি সংস্থা প্রজ্ঞা (প্রোগ্রেসের জন্য জ্ঞান) কর্মশালাটির আয়োজন করে; সহায়তা দেয় গ্লোবাল হেলথ অ্যাডভোকেসি ইনকিউবেটর। প্রিন্ট, টেলিভিশন ও অনলাইন মাধ্যমের ২৮ জন সাংবাদিক এতে অংশ নেন।

কর্মশালায় জানানো হয়, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) স্বাস্থ্য ও অসুস্থতা পরিস্থিতি জরিপ ২০২৫ অনুযায়ী দেশের শীর্ষ ১০ রোগের তালিকায় উচ্চ রক্তচাপ সবার ওপরে। ২০২৪ সালে দেশে হৃদরোগে প্রায় ২ লাখ ৮৩ হাজার ৮০০ মানুষের মৃত্যু হয়েছে—এর ৫২ শতাংশের জন্য দায়ী উচ্চ রক্তচাপ। উদ্বেগের বিষয়, তরুণদের মধ্যেও বাড়ছে এই রোগ; ২০১৮ সালের এনসিডি স্টেপস জরিপ বলছে, ১৮-৩৯ বছর বয়সীদের প্রায় ১২ শতাংশ উচ্চ রক্তচাপে ভুগছে।

অর্থায়ন বাড়ানোর দাবি

বক্তারা বলেন, অসংক্রামক রোগে দেশে বছরে প্রায় ৫ লাখ ৭১ হাজার মানুষের মৃত্যু হয়—যা মোট মৃত্যুর ৭১ শতাংশ; অথচ স্বাস্থ্য বাজেটের মাত্র ৪.২ শতাংশ বরাদ্দ এই খাতে। ২০২৬-২৭ অর্থবছরে স্বাস্থ্য খাতে বর্ধিত বরাদ্দকে স্বাগত জানিয়ে তাঁরা এর একটি বড় অংশ উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে দেওয়ার দাবি জানান।

এসেনশিয়াল ড্রাগস কোম্পানির উপমহাব্যবস্থাপক মোহাম্মদ রিয়াদ আরেফিন বলেন, বর্ধিত বরাদ্দ উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে অগ্রাধিকার পেলে প্রান্তিক জনগোষ্ঠীর জন্য বিনামূল্যে ওষুধের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করা সম্ভব হবে। ইকোনমিক রিপোর্টার্স ফোরামের সভাপতি দৌলত আক্তার মালা বলেন, বরাদ্দ বাড়ানোর প্রয়োজনীয়তা তুলে ধরতে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।