তৃণমূল কংগ্রেস ছেড়ে এনডিএ শিবিরে যোগ দেওয়ার কয়েক মাসের মাথায় বদলে গেল সাবেক ক্রিকেটার ও লোকসভা সদস্য ইউসুফ পাঠানের ১৪ বছরের পুরোনো জমি বিরোধের গতি। গুজরাটের বিজেপি সরকার বরোদায় তাঁর বাড়ির পাশের বিতর্কিত ৯৭৮ বর্গমিটারের জমি তাঁকে বরাদ্দ দেওয়ার প্রস্তাব অনুমোদন করেছে। নগর পৌরসভার স্থায়ী কমিটি ২৩ অক্টোবর প্রস্তাবটির চূড়ান্ত অনুমোদন বিবেচনা করবে।
ছবি: উইকিমিডিয়া কমন্স
ভারতের বিভিন্ন সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, বরোদা মিউনিসিপ্যাল কমিশনার সোমবার প্রস্তাবটি জমা দেন। এর আওতায় পৌরসভার মালিকানাধীন ৫০০ বর্গমিটার জমি পাঠানকে বিনামূল্যে দেওয়া হবে। বাকি ৪৭৮ বর্গমিটার দেওয়া হবে ৪৫ শতাংশ ছাড়ে, অর্থাৎ বরোদা নগর উন্নয়ন কর্তৃপক্ষের মূল্যায়ন কমিটির নির্ধারিত দামের ৫৫ শতাংশে। জমির বাজারমূল্য প্রায় ২০ দশমিক ৫ কোটি রুপি।
২০১২ সাল থেকে চলা বিরোধ
পাঠান ২০১২ সালে তান্দালজা এলাকায় পারিবারিক বাড়ির পাশের জমি ৯৯ বছরের লিজে নেওয়ার আবেদন করেন। নিরাপত্তার কারণ দেখিয়ে তিনি নিলাম ছাড়াই জমি চেয়েছিলেন। পৌরসভা প্রথমে রাজি হলেও ২০১৪ সালে রাজ্য সরকার প্রস্তাবটি নাকচ করে। ২০২৪ সালের জুনে, পশ্চিমবঙ্গের বহরমপুর থেকে তৃণমূলের টিকিটে লোকসভায় জেতার কয়েকদিন পর, পৌরসভা তাঁকে দখলদারির নোটিশ দেয়।
গুজরাট হাইকোর্ট ২০২৬ সালের জুনে প্রশ্ন তোলে, আনুষ্ঠানিক বরাদ্দ বা পরিশোধ ছাড়া জমি কীভাবে দখল ও বেড়া দেওয়া হলো। আগস্টে আদালতের রায়ের বিরুদ্ধে আপিল প্রত্যাহার করে নেন পাঠান। এরপর রাজ্যের নগর উন্নয়ন বিভাগ ১৩ আগস্টের প্রস্তাবে জমি বরাদ্দের অনুমতি দেয়।
রাজনৈতিক প্রেক্ষাপট
২০২৪ সালে তৃণমূল কংগ্রেসের টিকিটে বহরমপুর থেকে নির্বাচিত পাঠান চলতি বছর মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন দল ছেড়ে প্রায় ২০ জন সংসদ সদস্যের সঙ্গে ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টি অব ইন্ডিয়ায় (এনসিপিআই) যোগ দেন, যারা এনডিএ শিবিরের পাশে দাঁড়ায়। তাঁর এই দল বদলের প্রায় চার মাসের মাথায় জমি বরাদ্দের প্রস্তাব এলো।
প্রস্তাবটি পাস হলে রাজ্যের ২০২৪ সালের প্রস্তাবের শর্তাবলী সাপেক্ষে জমি পাঠানের নামে বরাদ্দ হবে। তবে চূড়ান্ত অনুমোদন ছাড়া প্রস্তাব কার্যকর হবে না।