ইউক্রেন যুদ্ধের সমাধানে আগামী মাসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে তিন-পক্ষীয় শীর্ষ বৈঠকের প্রস্তাব দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। যুক্তরাষ্ট্রের প্রভাবশালী দৈনিক ওয়াল স্ট্রিট জার্নালের বরাতে বার্তা সংস্থা রয়টার্স এ খবর দিয়েছে।
ছবি: স্ট্রেইটস টাইমস
খবরে বলা হয়েছে, চার বছর ধরে চলা ইউক্রেন যুদ্ধের এমন একটি পরিসমাপ্তি চান পুতিন, যা মস্কোর পক্ষে অনুকূল হবে। আলোচনা সম্পর্কে অবহিত সূত্রের বরাতে পত্রিকাটি জানিয়েছে, ৯ অক্টোবর ট্রাম্পের সঙ্গে টেলিফোন আলাপেই এই প্রস্তাব তোলেন পুতিন। ওই একই ফোনালাপে রুশ ডিজেল কেনার চুক্তি হয় দুই নেতার মধ্যে।
ক্রেমলিনের প্রস্তাব অনুযায়ী, চীনের শেনজেনে ১৮ ও ১৯ নভেম্বর অনুষ্ঠেয় এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন (এপেক) শীর্ষ সম্মেলনের ফাঁকে তিন নেতা বৈঠকে বসতে পারেন। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ ওয়াল স্ট্রিট জার্নালকে নিশ্চিত করেছেন যে সম্ভাব্য বৈঠক নিয়ে আলোচনা চলছে। তবে তিনি বলেছেন, "বৈঠকটি হবে কি না, বা এর আলোচ্যসূচি কী হবে—এ ব্যাপারে এখনো কোনো স্পষ্ট সমঝোতা হয়নি, যদিও তিন পক্ষই তাত্ত্বিকভাবে এমন বৈঠকের সম্ভাবনা স্বীকার করেছে।"
কিয়েভ ছাড়া আলোচনায় ইউরোপের উদ্বেগ
এক জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তা পত্রিকাটিকে জানিয়েছেন, ট্রাম্প এখনো এ ধরনের বৈঠকে আনুষ্ঠানিকভাবে রাজি হননি। তবে যুদ্ধ শেষ করার প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষ্যে তিনি প্রস্তাবটির প্রতি আগ্রহ দেখাতে পারেন। এদিকে সম্ভাব্য এই শীর্ষ বৈঠকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির কোনো ভূমিকা না থাকায় উদ্বিগ্ন কিয়েভ ও ওয়াশিংটনের ইউরোপীয় মিত্ররা।
সম্প্রতি ট্রাম্প রাশিয়ার কাছ থেকে ডিজেল কেনার চুক্তি ঘোষণা এবং মস্কোর ওপর কয়েকটি গুরুত্বপূর্ণ নিষেধাজ্ঞা স্থগিতের নির্বাহী আদেশে সই করার পর দুই নেতার ঘনিষ্ঠতা নিয়ে উদ্বেগ বাড়ছিল। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করে জেলেনস্কি সতর্ক করেছেন, এমন পদক্ষেপ পুতিনকে আরও উৎসাহিত করবে এবং যুদ্ধ দীর্ঘায়িত করবে। অন্যদিকে ট্রাম্প রোববার দাবি করেছেন, যুদ্ধ বন্ধে আলোচনায় "বিরাট অগ্রগতি" হচ্ছে।
সূত্র: রয়টার্স