স্পেসএক্সের একটি করে শেয়ার আমেরিকার প্রতিটি শিশুকে উপহার দেওয়ার ঘোষণা দিয়েছেন কোম্পানির প্রতিষ্ঠাতা ও সিইও ইলন মাস্ক। এক্স-এ দেওয়া পোস্টে তিনি বলেছেন, আগামী বছর তিনি নিজের শেয়ার থেকে প্রতিটি শিশুকে একটি করে শেয়ার দেবেন।
ছবি: দ্য ডেলটা লেন্স
সোমবার (১৯ অক্টোবর) দেওয়া পোস্টে মাস্ক লিখেছেন, "আগামী বছর আমেরিকার প্রতিটি শিশুকে আমি আমার স্পেসএক্সের একটি করে শেয়ার দেব। এটি অনেকগুলোর মধ্যে প্রথম।" তবে কীভাবে এই শেয়ার বিতরণ করা হবে, কারা যোগ্য হবেন — এসব বিষয়ে তিনি কোনো বিস্তারিত জানাননি।
মূল্য কত হতে পারে
গত শুক্রবার বাজার বন্ধের সময় স্পেসএক্সের শেয়ারের মূল্য ছিল ১৪৬ দশমিক ০৩ ডলার। যুক্তরাষ্ট্রের জনশুমারি ব্যুরোর তথ্য অনুযায়ী দেশটিতে ১৮ বছরের কম বয়সী শিশু রয়েছে প্রায় ৭ কোটি ৩০ লাখ। সেই হিসেবে মাস্কের প্রতিশ্রুতির মোট মূল্য দাঁড়াতে পারে প্রায় ১০ দশমিক ৬৬ বিলিয়ন ডলার — যা তাঁর প্রায় ৯০০ বিলিয়ন ডলার সম্পদের মাত্র ১ শতাংশের বেশি।
আগস্টের সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের নথি অনুযায়ী, মাস্কের কাছে স্পেসএক্সের ৬ দশমিক ৪ বিলিয়নের বেশি শেয়ার রয়েছে, যা কোম্পানির প্রায় ৪৮ দশমিক ৪ শতাংশ মালিকানা। চলতি বছরের জুনে কোম্পানিটি ইতিহাসের সবচেয়ে বড় আইপিওর মাধ্যমে পাবলিক হয়েছে।
অ্যানথ্রোপিকের ঘোষণার পর এলো পাল্টা সিদ্ধান্ত
মাস্কের ঘোষণার একদিন আগে কৃত্রিম বুদ্ধিমত্তা কোম্পানি অ্যানথ্রোপিক জানায়, তারা তাদের শেয়ারের ৫ শতাংশ একটি নতুন 'পাবলিক বেনিফিট ফান্ড'-এ দেবে। সেই পোস্টের জবাবে মাস্ক লিখেছিলেন, "আমি সরাসরি জনগণকে শেয়ার দেওয়ার সুপারিশ করি।" পরের দিন তিনি নিজেই শিশুদের শেয়ার দেওয়ার ঘোষণা দেন।
উল্লেখ্য, গত জুলাইয়ে স্পেসএক্সের প্রেসিডেন্ট গুইন শটওয়েল ও তাঁর স্বামী প্রায় ২০ লাখ শিশুকে একটি করে স্পেসএক্স শেয়ার দান করার প্রতিশ্রুতি দিয়েছিলেন, যেখানে নিম্ন আয়ের পরিবারের ও টেক্সাসের শিশুদের অগ্রাধিকার দেওয়ার কথা বলা হয়।
স্পেসএক্সের ত্রৈমাসিক আয় ঘোষণা আসার কথা মঙ্গলবার। এখনো কোম্পানির পক্ষ থেকে মাস্কের ঘোষণা নিয়ে আনুষ্ঠানিক কোনো বিবৃতি আসেনি।