পদত্যাগের খবর নিয়ে নাটকীয় পালাবদলের পর মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন নিজেই জানালেন — আজ দুপুর ২টায় তিনি পদত্যাগের 'চূড়ান্ত' ঘোষণা দেবেন। সোমবার সকালে ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে প্রতিমন্ত্রী পদ ছাড়ার ঘোষণা দিয়ে সাংবাদিকদের মুখোমুখি হবেন।
ছবি: দ্য বিজনেস স্ট্যান্ডার্ড
পোস্টে ইশরাক লিখেছেন, এবার সংসদ সদস্য বা প্রতিমন্ত্রী হিসেবে নয়, একজন বিএনপি কর্মী হিসেবে মাদকের বিরুদ্ধে শতগুণ বেশি উদ্দীপনা নিয়ে কাজ করবেন তিনি। পরিচ্ছন্নতা কর্মসূচি আরও জোরদার করার পাশাপাশি দেশব্যাপী প্রজন্ম দলের সাংগঠনিক শক্তি বাড়াতে বিভিন্ন জেলা সফর করবেন বলেও জানান তিনি। পোস্টের শেষে তার মন্তব্য — "মন্ত্রী নয়, মাদক নির্মূল!"
রোববার রাতের নাটকীয়তা
উল্লেখ্য, শনিবার রাজধানীর গেন্ডারিয়ায় অস্ত্র উঁচিয়ে মাদকবিরোধী অভিযানে নামার ভিডিও ছড়িয়ে পড়লে তীব্র বিতর্ক তৈরি হয়। এরপর রোববার রাতে বাংলাদেশ টেলিভিশনসহ কয়েকটি গণমাধ্যমে খবর আসে — প্রধানমন্ত্রী তারেক রহমান তাকে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন। সরকার-সংশ্লিষ্ট উচ্চপর্যায়ের সূত্রের বরাতে জানা যায়, মন্ত্রিসভার বৈঠক শেষে প্রধানমন্ত্রী ইশরাককে ডেকে পাঠিয়ে এই নির্দেশ দেন।
তবে রোববার রাতেই এই খবরকে "অসত্য, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত" বলে দাবি করেন ইশরাকের প্রেস কর্মকর্তা মাহফুজ কবির মুক্তা। এক প্রেস বিজ্ঞপ্তিতে তিনি জানান, সরকারের উচ্চপর্যায় থেকে প্রতিমন্ত্রীকে পদত্যাগের কোনো নির্দেশনা দেওয়া হয়নি, এমনকি তার পদত্যাগের কোনো প্রশ্নই ওঠে না। ইশরাক নিজেও গণমাধ্যমে পাঠানো এক অডিও বার্তায় একই দাবি করেন।
এখন সবার নজর প্রেসক্লাবের দিকে
অস্ত্র প্রদর্শনের ঘটনায় জামায়াতে ইসলামীর পক্ষ থেকেও তীব্র প্রতিবাদ জানানো হয়েছে। সব মিলিয়ে রোববার রাতের অস্বীকারের পর সোমবার সকালে ইশরাকের নিজের মুখে পদত্যাগ ঘোষণার খবরে রাজনৈতিক মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে। দুপুর ২টায় জাতীয় প্রেসক্লাবের সংবাদ সম্মেলনে তিনি কী বলেন, সেদিকেই এখন সবার নজর।