ডেইলি খবর
সত্যের সন্ধানে, প্রতিদিন
ব্রেকিং
আন্তর্জাতিক

ভারত ছাড়ার নোটিশের বিরুদ্ধে বোম্বে হাইকোর্টে ইমরান খান: 'অসাংবিধানিক' আখ্যা

ঢাকা, ১৮ অক্টোবর: বলিউড অভিনেতা ইমরান খান ভারত ছাড়ার নোটিশের বিরুদ্ধে বোম্বে হাইকোর্টে রিট পিটিশন দায়ের করেছেন। শনিবার (১৭ অক্টোবর) দাখিল করা পিটিশনে তিনি ১৪ অক্টোবর ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রেশন অফিসের (এফআরআরও) জারি করা লিভ ইন্ডিয়া নোটিশকে "অসাংবিধানিক" আখ্যা দিয়ে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ তুলেছেন। নোটিশ অনুযায়ী তাকে ২৮ অক্টোবরের মধ্যে ভারত ছাড়তে বলা হয়েছে।

ভারত ছাড়ার নোটিশের বিরুদ্ধে বোম্বে হাইকোর্টে ইমরান খান: 'অসাংবিধানিক' আখ্যা

কেন নোটিশ

গালফ নিউজের তথ্যানুযায়ী, বলিউড তারকা আমির খানের ভাগ্নে, ৪৪ বছর বয়সী ইমরান খান (মার্কিন নাগরিক) গত ১০ অক্টোবর মুম্বাইয়ের আগস্ট ক্রান্তি ময়দানের কাছে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে এক প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেওয়ার অভিযোগে এ নোটিশ পান। বিক্ষোভকারীরা নির্বাচনী অনিয়মের অভিযোগ তুলে কমিশনারের পদত্যাগ দাবি করছিলেন; নির্বাচন কমিশন ও ক্ষমতাসীন বিজেপি অভিযোগ প্রত্যাখ্যান করেছে।

পিটিশনে যা বলা হয়েছে

পিটিশনে নোটিশকে "অসৎ উদ্দেশ্যপ্রণোদিত" বলে উল্লেখ করে ইমরান খান দাবি করেছেন, এটি "চরম ও অসম ক্ষমতার অপব্যবহার"। তার যুক্তি—কেবল একটি বিক্ষোভস্থলের কাছে থাকা বা চলাফেরার স্বাধীনতার ওপর বিধিনিষেধ নিয়ে উদ্বেগ প্রকাশের জন্য ২০২৫ সালের ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স অ্যাক্ট প্রয়োগ করা যায় না।

দুই বছর বয়স থেকে ভারতে বসবাসকারী খান বলেছেন, এফআরআরও তাকে কেবল মার্কিন নাগরিক হিসেবে গণ্য করে তার ওভারসিজ সিটিজেন অব ইন্ডিয়া (ওসিআই) মর্যাদা উপেক্ষা করেছে। তার দাবি, ১৯৫৫ সালের নাগরিকত্ব আইন অনুযায়ী ওসিআই নিবন্ধন তাকে ভারতে থাকার বিধিবদ্ধ অধিকার দেয় এবং যথাযথ আইনি প্রক্রিয়া ছাড়া তাকে বহিষ্কার করা যায় না। তিনি সংবিধানের ২১ অনুচ্ছেদে বর্ণিত অধিকার লঙ্ঘনের অভিযোগও তুলেছেন।

শো-কজ ও শুনানি

শনিবার এফআরআরও তার কাছে আরেকটি শো-কজ নোটিশ জারি করে জানতে চেয়েছে—১৯৫৫ সালের নাগরিকত্ব আইনের ৭ডি(ই) ধারায় কেন তার ওসিআই নিবন্ধন বাতিল করা হবে না। জবাব দেওয়ার জন্য ১৫ দিন সময় দেওয়া হয়েছে।

এমজেডএম লিগ্যালের অ্যাডভোকেট জুলফিকার মেমন, পারভেজ মেমন ও চিরাগ নাইক সোমবার প্রধান বিচারপতি মহেশ চন্দ্র ত্রিপাঠীর নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চের সামনে জরুরি শুনানি চাইবেন বলে আশা করা হচ্ছে।

সূত্র: ডেইলি ওয়াদা, গালফ নিউজ