ডেইলি খবর
সত্যের সন্ধানে, প্রতিদিন
ঢাকা সংস্করণ
ব্রেকিং
আন্তর্জাতিক নির্বাচন

বিচ্ছেদের পথে হাঁটল না আলবার্টা, কানাডার সঙ্গেই থাকার পক্ষে রায়

কানাডা থেকে আলাদা হওয়ার পথে হাঁটতে চায়নি আলবার্টা। সোমবারের গণভোটে প্রদেশটির ভোটাররা স্পষ্টভাবে কানাডার সঙ্গে থাকার পক্ষে রায় দিয়েছেন। মঙ্গলবার ভোর পর্যন্ত অনানুষ্ঠানিক ফলে দেখা গেছে, প্রায় তিন চতুর্থাংশ ভোটার কানাডায় থাকার পক্ষে, আর এক চতুর্থাংশ চেয়েছেন আলাদা হওয়ার দিকে এগোনোর প্রক্রিয়া শুরু হোক। তখন প্রায় ৮৬ শতাংশ ভোটকেন্দ্রের ফল এসেছিল।

কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি

ছবি: উইকিমিডিয়া কমন্স

এই ভোট বাধ্যতামূলক ছিল না। প্রশ্ন ছিল, আলবার্টা কি কানাডার প্রদেশ হিসেবে থাকবে, নাকি সরকার ভবিষ্যতে স্বাধীনতা নিয়ে একটি বাধ্যতামূলক গণভোটের আইনি প্রক্রিয়া শুরু করবে। ১৯৯৫ সালে কুইবেকের ভোটের পর কানাডায় এ ধরনের প্রথম গণভোট এটি। সেবার কুইবেক অল্প ব্যবধানে বিচ্ছেদের বিপক্ষে রায় দিয়েছিল।

প্রধানমন্ত্রী মার্ক কার্নি ভোটের পর এক্সে লেখেন, আলবার্টা ও সব কানাডীয় নতুন উদ্দেশ্য ও উচ্চাকাঙ্ক্ষা নিয়ে একসঙ্গে এগোবে। ঐক্যের পক্ষের আন্দোলন ফরএভার কানাডিয়ানের প্রতিষ্ঠাতা টমাস লুকাসজুক বলেন, এই ফল ডোনাল্ড ট্রাম্পকে স্পষ্ট বার্তা দেবে, কানাডা বিক্রির জন্য নয়।

বিচ্ছেদপন্থী কর্মী জেফরি রাথ অবশ্য হার মানতে নারাজ। তিনি বলেন, দেড় বছর আগে প্রায় শূন্য থেকে শুরু করে তারা প্রায় এক চতুর্থাংশ ভোটারকে নিজেদের পক্ষে এনেছেন, যা তাদের কাছে বড় সাফল্য। আরেক বিচ্ছেদপন্থী গোষ্ঠী আলবার্টা প্রসপারিটি প্রজেক্ট বলেছে, আনুষ্ঠানিক ফল ও প্রক্রিয়ার সতর্ক বিশ্লেষণ না আসা পর্যন্ত তারা সিদ্ধান্তে পৌঁছাবে না।

প্রদেশের প্রধানমন্ত্রী ড্যানিয়েল স্মিথ ফলে সন্তোষ প্রকাশ করেছেন। তিনি আগেই বলেছিলেন, স্বাধীনতাপন্থীদের নিন্দা করা ঠিক হবে না। তার ভাষ্য, ফেডারেল সরকার নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে এ ধরনের উদ্যোগ মাথা তোলে, তবে সরকার নিজের সীমায় ফিরলে তা মিলিয়ে যায়।

প্রায় টেক্সাসের সমান আয়তনের আলবার্টায় বাস করেন ৫০ লাখ মানুষ, আর প্রদেশটি কানাডার তেলসমৃদ্ধ প্রাণকেন্দ্র। বিচ্ছেদপন্থীদের অভিযোগ, অটোয়ার জলবায়ু নীতি প্রদেশের জ্বালানি শিল্পকে চাপে ফেলেছে এবং পূর্বাঞ্চলীয় প্রদেশগুলোর উদার রাজনীতি প্রায়শই তাদের রক্ষণশীল মতকে ছাপিয়ে যায়। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য যুদ্ধ ও ট্রাম্পের বারবার সংযুক্তির হুমকির আবহে এই ভোট ঘিরে দেশজুড়ে ঐক্যের জোয়ারও ছিল।

সূত্র: সিএনএন