শুল্ক, ভিসা ফি আর অভিবাসন নীতি নিয়ে দুই দেশের সম্পর্কে টানাপোড়েন চলার মধ্যেই ভারত সফরে এসেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। সফরের প্রথম দিন মঙ্গলবার মুম্বাইয়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে বসেন তিনি। বৈঠকের পর দুই পক্ষই জানিয়েছে, আলোচনায় জ্বালানি নিরাপত্তা আর প্রতিরক্ষা সহযোগিতা প্রাধান্য পেয়েছে।
ছবি: ডেকান হেরাল্ড
বৈঠকের পর সামাজিক যোগাযোগমাধ্যমে রুবিও লিখেছেন, জয়শঙ্করের সঙ্গে তিনি জ্বালানি নিরাপত্তা ও প্রতিরক্ষা সহযোগিতা নিয়ে আলোচনা করেছেন এবং যুক্তরাষ্ট্র-ভারত কৌশলগত অংশীদারিত্ব আরও এগিয়ে নেওয়ার গুরুত্বের ওপর জোর দিয়েছেন। মার্কিন পররাষ্ট্র দপ্তরের বিবৃতিতে বলা হয়, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাড়তি জ্বালানি বাণিজ্য ভারতের সরবরাহ শৃঙ্খলা বৈচিত্র্যময় করতে বড় ভূমিকা রাখতে পারে। প্রতিরক্ষা ও বেসামরিক পরমাণু সহযোগিতায় সাম্প্রতিক অগ্রগতির প্রশংসা করে মার্কিন প্রযুক্তি ও ব্যবস্থা আরও বেশি কেনার পক্ষে মত দিয়েছে ওয়াশিংটন।
জয়শঙ্কর নিজেও এক পোস্টে জানান, বাণিজ্য, জ্বালানি, প্রযুক্তি, প্রতিরক্ষা ও জনগণের মধ্যে সম্পর্ক জোরদার করা নিয়ে কথা হয়েছে তাদের। মধ্যপ্রাচ্যসহ আঞ্চলিক পরিস্থিতি নিয়েও মত বিনিময় হয়েছে। বৈঠকের আগে তাজমহল প্যালেস হোটেলে ২০০৮ সালের ২৬/১১ হামলার শিকারদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করেন রুবিও, যেখানে ছয় মার্কিন নাগরিকসহ ১৬০ জনের বেশি মানুষ প্রাণ হারিয়েছিলেন। তার সঙ্গে ছিলেন জয়শঙ্কর, পররাষ্ট্রসচিব বিক্রম মিসরি ও ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গর। রুবিও বলেন, নিহতদের স্মরণে তারা সন্ত্রাসবাদের বিরুদ্ধে যৌথ অঙ্গীকার পুনর্ব্যক্ত করছেন।
এদিন সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লাহ বিন জায়েদের সঙ্গেও ত্রিপক্ষীয় বৈঠক হয়। এ ছাড়া যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০ বছর পূর্তি উপলক্ষে মুম্বাইয়ের অনুষ্ঠানে অতিথি হিসেবে যোগ দেন রুবিও। উজবেকিস্তান থেকে রওনা হওয়ার আগে তিনি বলেছিলেন, ভারতের সঙ্গে বাণিজ্য চুক্তি চূড়ান্ত করার খুব কাছে রয়েছে যুক্তরাষ্ট্র। গত সপ্তাহে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়া ও ভারতসহ রুশ তেলের পাঁচ বড় ক্রেতার ওপর কিছু নিষেধাজ্ঞা স্থগিত করেছেন। চলতি বছর এটা রুবিওর দ্বিতীয় ভারত সফর; মে মাসে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও জয়শঙ্করের সঙ্গে বৈঠকের পাশাপাশি কোয়াড পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে যোগ দিয়েছিলেন। বুধবার তিনি গুজরাটের জামনগর যাবেন, সেখানে জ্বালানি সহযোগিতা নিয়ে আলোচনা হবে। তার সঙ্গে রয়েছেন স্ত্রী জ্যানেট রুবিও ও রাষ্ট্রদূত গর।
সূত্র: দ্য হিন্দু