সিএনএন-এর প্রধান আন্তর্জাতিক উপস্থাপক ক্রিস্টিয়ান আমানপুর নেটওয়ার্কটি ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন। ৪৩ বছরের সাংবাদিকতার সঙ্গী সিএনএন থেকে তিনি বিদায় নেবেন ২০২৭ সালের জুনে।
ছবি: ডেইলি ওয়াদা
সোমবার এক বিবৃতিতে এই ঘোষণা দেন ৬৮ বছর বয়সী এই সাংবাদিক। "অনেক মাসের চিন্তা আর কয়েকটা নির্ঘুম রাতের পর আমি সিএনএন থেকে আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছি," বলেন তিনি। "৪৩টি চমৎকার বছরের অংশীদার ছিল সিএনএন।"
বিদায়ের আগে নতুন প্রকল্পের দিকেও তাকিয়ে আছেন বিশ্বখ্যাত এই সাংবাদিক। স্বাধীন সাংবাদিকতার ঐতিহ্য রক্ষায় সিএনএন-এর পাশে থাকার অঙ্গীকারও করেন তিনি।
যেভাবে বিদায় নেবেন
২০০৯ সাল থেকে সিএনএন ইন্টারন্যাশনালে নিজের নামের রাত্রিকালীন সাক্ষাৎকার অনুষ্ঠান উপস্থাপনা করে আসছেন আমানপুর। ২০২৫ সালের জানুয়ারিতে উপস্থাপনার সময়সূচি কমিয়ে সপ্তাহে কয়েক দিন করেন তিনি। ২০২৭ সালের জানুয়ারিতে অনুষ্ঠানটি সাপ্তাহিক ফরম্যাটে চলবে, মে পর্যন্ত। জুন পর্যন্ত সিএনএন-এর হয়ে বিশ্বজুড়ে রিপোর্টিং ও ভ্রমণ চালিয়ে যাবেন তিনি।
ঘোষণার দিন সকালে সহকর্মীদের এক মেমোতে খবরটি জানান সিএনএন-এর চেয়ারম্যান মার্ক থম্পসন। কয়েক মাস ধরে এ নিয়ে আমানপুরের সঙ্গে আলোচনা চলছিল বলে জানান তিনি।
"তাঁকে বিদায় জানাতে খুব খারাপ লাগছে, কিন্তু আমি বুঝতে পেরেছি এটাই তাঁর জন্য সঠিক সময়," লেখেন থম্পসন। আমানপুরকে তিনি "সবচেয়ে বিশ্বস্ত ও প্রিয় সাংবাদিকদের একজন" বলে আখ্যা দেন।
যুদ্ধক্ষেত্রের রিপোর্টার
বিবৃতিতে আমানপুর স্মরণ করেন প্রথম উপসাগরীয় যুদ্ধ, বসনিয়া, রুয়ান্ডা, আফগানিস্তান, ইউক্রেন ও ইরানসহ বড় আন্তর্জাতিক সংঘাতের রিপোর্টিংয়ের দিনগুলো।
"মনে রাখবেন: সবসময় সত্যবাদী হোন, নিরপেক্ষ নয়," বলেন তিনি। বিদায়-বিবৃতিতে সাংবাদিকতার সহকর্মী, অনুষ্ঠানের দল ও মাঠের ক্রুদের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।
উল্লেখ্য, আমানপুরের পিবিএস অনুষ্ঠান 'আমানপুর অ্যান্ড কোম্পানি' শেষ হবে ২০২৬ সালের ডিসেম্বরে।