ঢাকা, ১৫ অক্টোবর: ভারত-শাসিত কাশ্মীরে সব মসজিদে একই খুতবা পাঠের প্রস্তাব নিয়ে তীব্র বিতর্ক শুরু হয়েছে। রাজনৈতিক নেতা ও মুসলিম ধর্মীয় সংগঠনগুলো বলছে, এই উদ্যোগ ধর্মীয় স্বাধীনতা ও ইমামদের স্বাতন্ত্র্যে হস্তক্ষেপ করবে।
জম্মু-কাশ্মীর ওয়াকফ বোর্ড — অঞ্চলের মুসলিম ধর্মীয় ওয়াকফ সম্পত্তি দেখভালের দায়িত্বে থাকা সংস্থা — জ্যেষ্ঠ আলেমদের নিয়ে একটি কমিটি গঠনের প্রস্তাব দিয়েছে। ওই কমিটি জুমার খুতবা তৈরি করে দেবে, যা বোর্ডের অধীন মসজিদগুলোতে পড়তে হবে।
বিতর্কের কেন্দ্রে বোর্ড প্রধান
বোর্ডের প্রধান দরখশান আন্দ্রাবি, যিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হিন্দুত্ববাদী ভারতীয় জনতা পার্টির (বিজেপি) স্থানীয় নেতা। মোদি সরকার ২০১৯ সালে অঞ্চলটির বিশেষ স্বায়ত্তশাসনের মর্যাদা বাতিল করে এবং জম্মু-কাশ্মীরকে দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে ভাগ করে।
আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী, পার্বত্য রাজৌরি জেলার এক আলেম — যিনি ধর্মীয় নেতাদের একটি সভায় ভার্চুয়ালি যোগ দিয়েছিলেন — জানান, বোর্ড প্রধান নির্দেশ দিয়েছেন, শুধু কমিটির অনুমোদিত খুতবাই জুমার মিম্বরে পাঠ করা যাবে।
"আমরা আপত্তি জানিয়ে বলেছিলাম, ইসলামি শিক্ষার পরিপন্থী হলে ওই নির্দেশ মানব না। তিনি আমাদের উদ্বেগ উড়িয়ে দিলেন, কথা বলতেই দিলেন না," — প্রতিশোধের ভয়ে নাম প্রকাশ না করার শর্তে ওই আলেম আল জাজিরাকে বলেন।
ধর্মীয় স্বাধীনতার প্রশ্ন
সমালোচকদের অভিযোগ, ধর্মীয় বিষয়ে হস্তক্ষেপের চেষ্টা চলছে। তাদের দাবি, প্রতিটি মসজিদের ইমাম তার নিজ বিবেচনায় খুতবা দেবেন — কেন্দ্রীয়ভাবে নির্ধারিত বক্তব্য চাপিয়ে দিলে তা ধর্মীয় স্বাধীনতার লঙ্ঘন। বোর্ডের পক্ষ থেকে এখনো এ বিষয়ে বিস্তারিত জবাব আসেনি।
সূত্র: ডেইলি ওয়াদা, আল জাজিরা