ডেইলি খবর
সত্যের সন্ধানে, প্রতিদিন
ঢাকা সংস্করণ
ব্রেকিং
অর্থনীতি

পণ্য ডেরিভেটিভে ছয় ব্রোকারকে নীতিগত অনুমোদন বিএসইসির

বাংলাদেশের পুঁজিবাজারে নতুন বিনিয়োগ মাধ্যম হিসেবে পণ্য ডেরিভেটিভ চালুর প্রস্তুতির অংশ হিসেবে ছয়টি ব্রোকারেজ প্রতিষ্ঠানকে নীতিগত অনুমোদন দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। সোমবার সংস্থাটির ১০৩৫তম জরুরি কমিশন সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

পণ্য ডেরিভেটিভে ছয় ব্রোকারকে নীতিগত অনুমোদন বিএসইসির

ছবি: ডেইলি ওয়াদা

যারা পেল অনুমোদন

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সুপারিশের ভিত্তিতে আবেদনকারী ছয় প্রতিষ্ঠান হলো—সোহেল সিকিউরিটিজ, আইল্যান্ড সিকিউরিটিজ, এনএলআই সিকিউরিটিজ, বি রিচ, পিএইচপি স্টকস অ্যান্ড সিকিউরিটিজ এবং ইউসিবি স্টক ব্রোকারেজ। প্রতিষ্ঠানগুলোকে নিবন্ধন প্রক্রিয়ার অংশ হিসেবে ইচ্ছাপত্র (লেটার অব ইনটেন্ট) দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

কবে চালু হবে

বিএসইসির মুখপাত্র ও নির্বাহী পরিচালক মো. আবুল কালাম বলেন, ২০২৭ সালের প্রথম প্রান্তিকে পণ্য ডেরিভেটিভ চালুর লক্ষ্য রয়েছে এবং শিগগির আরও একটি লাইসেন্স দেওয়া হবে। সিএসই জানিয়েছে, প্রযুক্তিগত ও অবকাঠামোগত প্রস্তুতি সম্পন্ন হয়েছে; লেনদেন শুরুর আগে আরও লাইসেন্সপ্রাপ্ত ব্রোকার প্রয়োজন।

একই সভায় চারটি ব্রোকারেজ প্রতিষ্ঠানের ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের ঢাকা স্টক এক্সচেঞ্জের বিনিয়োগকারী সুরক্ষা তহবিল থেকে সর্বোচ্চ পাঁচ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে।