দশেরার আগে ভারতের উত্তরপ্রদেশের রাজধানী লখনউয়ের বিভিন্ন মোড়ে লাগানো বিতর্কিত পোস্টারে দশমাথা রাবণের রূপে দেখানো হয়েছে বাংলাদেশের মুহাম্মদ ইউনূস, টেসলার এলন মাস্ক, কংগ্রেস নেতা রাহুল গান্ধীসহ ভারতীয় ও আন্তর্জাতিক কয়েকজন পরিচিত ব্যক্তিকে। "সনাতন ভারত কে বিরোধী রাবণ" শিরোনামের এসব পোস্টার লাগিয়েছে সনাতন রক্ষা সংগঠন নামের একটি সংগঠন।
ছবি: ডেইলি ওয়াদা
পোস্টারে রাহুল গান্ধী, সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব, এলন মাস্ক, মুহাম্মদ ইউনূস ছাড়াও রয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী প্রশান্ত ভূষণ, আজম খান, মার্কিন কংগ্রেসওম্যান ইলহান ওমর, বিনিয়োগকারী জর্জ সোরোস এবং গ্যাংস্টার-রাজনীতিবিদ আতিক আহমেদ ও মুখতার আনসারি। পোস্টারে এদের সবাইকে "ভারতবিরোধী" হিসেবে চিহ্নিত করা হয়েছে।
রাজনৈতিক প্রতিক্রিয়া
হজরতগঞ্জ ও গোমতী নগরসহ লখনউয়ের গুরুত্বপূর্ণ এলাকায় লাগানো এসব পোস্টার পথচারীদের নজর কাড়ে। পরে সমাজবাদী পার্টির কর্মীরা কয়েকটি পোস্টার সরিয়ে ফেলেন। দলের সংসদ সদস্য অবধেশ প্রসাদ অভিযোগ করেন, ২০২৭ সালের উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনের আগে অখিলেশ যাদবের ক্রমবর্ধমান জনপ্রিয়তায় উদ্বিগ্ন বিজেপি এ ধরনের পোস্টার, মিথ্যা বিবৃতি ও বিভ্রান্তিকর দাবির আশ্রয় নিচ্ছে।
দশেরায় ঐতিহ্যগতভাবে রাবণের কুশপুত্তলিকা পোড়ানো হয় অশুভের ওপর শুভের জয়ের প্রতীক হিসেবে। সেই ধর্মীয় প্রতীককে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করে নামধারী ব্যক্তিদের "ভারতবিরোধী" আখ্যা দেওয়ায় ভারতে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।