ডেইলি খবর
সত্যের সন্ধানে, প্রতিদিন
ঢাকা সংস্করণ
ব্রেকিং
আন্তর্জাতিক সৌদি আরব

৪৮ ঘণ্টায় সৌদিতে ছয়টি হামলার দাবি হুতিদের, টার্গেট আরামকো

সৌদি আরবে মাত্র ৪৮ ঘণ্টায় ছয়টি সামরিক অভিযান চালানোর দাবি করেছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। তাদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি সোমবার জানান, বিপুল সংখ্যক ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং ড্রোন দিয়ে সৌদির জ্বালানি স্থাপনা, বিমানবন্দর ও সামরিক ঘাঁটিতে আঘাত হানা হয়েছে। তবে এই দাবির সত্যতা এখনো স্বাধীনভাবে যাচাই করা যায়নি, আর সৌদি আরবের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

৪৮ ঘণ্টায় সৌদিতে ছয়টি হামলার দাবি হুতিদের, টার্গেট আরামকো

ছবি: উইকিমিডিয়া কমন্স

এক্সে দেওয়া এক বিবৃতিতে সারি বলেন, এসব অভিযান সৌদি আরবের "বিশ্বাসঘাতক আগ্রাসনের" জবাব। তিনি দাবি করেন, গত ৪৮ ঘণ্টায় সৌদি বাহিনী সানা ও "মুক্ত গভর্নরেটগুলোর" বেসামরিক স্থাপনায় দুই শতাধিক বিমান হামলা ও ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে, যাতে নারী ও শিশুসহ বহু মানুষ নিহত ও আহত হয়েছেন। তার দাবি অনুযায়ী, সর্বশেষ উস্কানিমূলক ঘটনার পর থেকে সৌদির হামলার মোট সংখ্যা ২,৭০০ ছাড়িয়ে গেছে।

যেসব লক্ষ্যবস্তুর নাম বলা হলো

সারির ভাষ্য অনুযায়ী, প্রথম অভিযানের লক্ষ্য ছিল লোহিত সাগরের উপকূলে ইয়ানবুতে রাষ্ট্রীয় তেল জায়ান্ট আরামকোর স্থাপনা — দুই ধাপে চালানো এই হামলা "নিখুঁত" ছিল এবং সেখানে বড় অগ্নিকাণ্ড ঘটে বলে তিনি দাবি করেন। দ্বিতীয় অভিযানে শাইবা তেলক্ষেত্রে সরাসরি আঘাত হানার দাবি করা হয়, সেখানেও আগুন লাগার কথা বলা হয়।

তৃতীয় অভিযানের টার্গেট ছিল রিয়াদের কিং খালিদ বিমানবন্দর (তিন ধাপে), আর চতুর্থ অভিযানে আভা আন্তর্জাতিক বিমানবন্দর, আল-হিসন ও আল-রহমা পর্বতমালায় সৌদির রাডার এবং খামিস মুশাইত বিমানঘাঁটির নাম উল্লেখ করা হয়। সারির দাবি, এতে বিমানবন্দরে বিমান চলাচল ব্যাহত হয়েছে এবং বিমানঘাঁটি ক্ষতিগ্রস্ত হয়েছে। পঞ্চম অভিযানে সৌদি নৌবাহিনীর টাস্ক ফোর্সের শিবিরে "নিখুঁত" হামলার দাবি করা হয়, যেখানে সৌদি বাহিনীর সদস্যদের মধ্যে হতাহতের ঘটনা ঘটেছে বলে তিনি জানান। ষষ্ঠ অভিযানে বির আসকারের একটি রাডার সরাসরি আঘাতে ধ্বংস হয়েছে বলে দাবি করা হয়।

হুতিরা ইয়েমেনিদের জোট বাহিনীতে যোগ না দেওয়ারও সতর্কতা দিয়েছে। তাদের ভাষায়, "সৌদি শত্রু" ইয়েমেনিদের টাকার লোভ দেখিয়ে "মৃত্যুর আগুনে" ঠেলে দিচ্ছে, নিজেদের সেনাদের বদলে তাদের ব্যবহার করছে।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া