ঢাকা, ১৬ অক্টোবর: রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র ও উসকানিমূলক প্রচারণার মামলায় গ্রেপ্তার দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাকে চার দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। শুক্রবার বিকেলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান উভয় পক্ষের শুনানি শেষে এই আদেশ দেন। একই সঙ্গে তাদের জামিনের আবেদন নাকচ করা হয়।

কারাগারে পাঠানো দুজন হলেন লেফটেন্যান্ট (অব.) কাজী গুলশান আরা (৪৩) ও লেফটেন্যান্ট কর্নেল (অব.) দেবাশীষ (৪৭)।
গ্রেপ্তার ও রিমান্ডের ধারা
পুলিশ গত ১১ অক্টোবর গভীর রাতে রাজধানীর পল্লবীর বাসা থেকে গুলশান আরাকে গ্রেপ্তার করে। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে একই রাতে বনানীর বাসা থেকে দেবাশীষকে আটক করা হয়। গ্রেপ্তারের পর সোমবার সন্ধ্যায় তাদের আদালতে তোলা হলে পুলিশের সাত দিনের রিমান্ড আবেদনের বিপরীতে চার দিনের রিমান্ড মঞ্জুর করা হয়।
রিমান্ড শেষে শুক্রবার তাদের আদালতে হাজির করে কারাগারে রাখার আবেদন জানান মামলার তদন্ত কর্মকর্তা, ডিবির সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগের পরিদর্শক শেখ বশির আহমেদ।
মামলার অভিযোগ যা
মামলাটি দায়ের হয়েছে রাজধানীর পল্লবী থানায়। মামলার অভিযোগ অনুযায়ী, অভিযুক্তরা হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে তহবিল সংগ্রহ করে উসকানিমূলক ডিজিটাল কনটেন্ট তৈরি ও সামাজিক মাধ্যমে ছড়িয়ে দিতেন।
মামলাটি দায়ের করা হয়েছে দণ্ডবিধি, সন্ত্রাসবিরোধী আইন ২০০৯ ও সাইবার নিরাপত্তা অধ্যাদেশ ২০২৫-এর সংশ্লিষ্ট ধারায়।
জামিনের বিরোধিতা
শুনানিতে প্রসিকিউশন পক্ষ অভিযুক্তদের জামিনের বিরোধিতা করে। শুনানি শেষে আদালত জামিনের আবেদন খারিজ করে দুজনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।