জয়পুর, ১৬ অক্টোবর: যুক্তরাষ্ট্র ও পাকিস্তানের মধ্যে যুদ্ধ হলে ভারত ইসলামাবাদের পাশে দাঁড়াবে — রাজস্থান বিজেপির সভাপতি মদন রাঠোরের এমন মন্তব্য ঘিরে ভারতে তুমুল রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছে। তাঁর বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর সমালোচনায় সরব হয়েছে কংগ্রেস ও আম আদমি পার্টি (আপ)।
জয়পুরে একটি অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় প্রতিবেশী দেশ হিসেবে পাকিস্তানের প্রসঙ্গ টেনে রাঠোর বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে পাকিস্তানের যুদ্ধ হলে ভারত পাকিস্তানের পক্ষ নেবে, কারণ দেশটি ভারতের প্রতিবেশী। তবে ভারতের অভ্যন্তরীণ কোনো বিরোধ দেখা দিলে তিনি দেশের পক্ষেই থাকবেন বলেও মন্তব্য করেন।
বিরোধীদের প্রতিক্রিয়া
ভিডিওটি ভাইরাল হওয়ার পর কংগ্রেসের মুখপাত্র শামা মোহাম্মদ এক্সে দেওয়া পোস্টে রাঠোরের মন্তব্যের তীব্র সমালোচনা করেন। পাকিস্তানের বিরুদ্ধে সন্ত্রাসবাদে মদদের অভিযোগ তুলে তিনি প্রশ্ন করেন — বিজেপির এই নেতার বক্তব্যের বিষয়ে কী পদক্ষেপ নেওয়া হবে?
বিতর্কে যোগ দেয় আম আদমি পার্টিও। দলটি ভিডিওটি প্রকাশ করে কেন্দ্রীয় সরকারের জাতীয়তাবাদী অবস্থান নিয়ে প্রশ্ন তোলে। আপের ভাষ্য — সাধারণ মানুষের প্রতিবাদের ক্ষেত্রে পাকিস্তানপন্থী বলে আখ্যা দেওয়া হলেও বিজেপির একজন নেতা পাকিস্তানের পক্ষে অবস্থান নেওয়ার কথা বলায় সরকারের প্রতিক্রিয়া কী হবে, তা স্পষ্ট হওয়া দরকার।
রাঠোরের ব্যাখ্যা
বিতর্কের মুখে নিজের বক্তব্যের ব্যাখ্যা দিয়েছেন মদন রাঠোর। তাঁর দাবি — বক্তব্যের একটি অংশ আলাদা করে প্রচার করায় কথার প্রকৃত অর্থ বদলে গেছে। ভারত-পাকিস্তান ক্রিকেট ম্যাচ ও দেশপ্রেম নিয়ে আলোচনার প্রসঙ্গে তিনি ওই মন্তব্য করেছিলেন বলে জানান তিনি।
রাঠোরের ভাষ্য, ভারত-পাকিস্তান ম্যাচে ভারত হারলে যারা উদযাপন করে, তাদের দেশপ্রেম নিয়ে তিনি প্রশ্ন তুলেছিলেন। তাঁর বক্তব্যের শেষের অংশ বাদ দিয়ে ভিডিওটি প্রচার করা হচ্ছে বলে অভিযোগ তাঁর। রাজনৈতিক প্রতিপক্ষরা খণ্ডিত অংশ প্রচার করে ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করছে বলেও দাবি করেন বিজেপির রাজস্থান সভাপতি।