হলিউড তারকা ম্যাথু ম্যাককনাহে ২০২৮ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে লড়ার জল্পনা আবার উসকে দিয়েছেন। "ইনডিপেনডেন্ট কাউন্টস" শিরোনামে ছয় মিনিটের এক ভিডিও বার্তায় তিনি মার্কিন রাজনীতিতে স্বতন্ত্র প্রার্থীদের বড় ভূমিকার পক্ষে যুক্তি তুলে ধরেছেন। গত ১৮ অক্টোবর ভিডিওটি প্রকাশের পর থেকেই শুরু হয়েছে নানা আলোচনা।
ছবি: উইকিমিডিয়া কমন্স
ভিডিওতে অস্কারজয়ী এই অভিনেতা বলেন, স্বতন্ত্র ভোটার ও প্রার্থীদের আরও অর্থবহ ভূমিকা প্রাপ্য। তার ভাষায়, "স্বতন্ত্র মানে মাঝামাঝি পথ নয়। স্বতন্ত্রই আসল পথ।" ডেমোক্র্যাট বা রিপাবলিকান হওয়ার আগে মানুষ আমেরিকান ছিল বলে মন্তব্য করেন তিনি।
গ্যালাপের গবেষণার উদ্ধৃতি দিয়ে ম্যাককনাহে জানান, ২০২৫ সালে ৪৫ শতাংশ মার্কিন প্রাপ্তবয়স্ক নিজেদের স্বতন্ত্র হিসেবে পরিচয় দিয়েছেন। ডেমোক্র্যাট ও রিপাবলিকান হিসেবে পরিচয় দিয়েছেন ২৭ শতাংশ করে। এটি গ্যালাপের রেকর্ডে স্বতন্ত্র পরিচয়ের সর্বোচ্চ বার্ষিক হার।
স্বতন্ত্র প্রার্থীদের "ভোট কাটার" কারিগর বা ভোট নষ্ট হিসেবে উড়িয়ে দেওয়া উচিত নয় বলে যুক্তি দেন তিনি। ভোটারদের তিনি প্রার্থীদের অবস্থান যাচাই করে দেখার আহ্বান জানান।
তবে ভিডিওতে তিনি কোনো প্রচারাভিযানের ঘোষণা দেননি, কোনো দল বা প্রার্থীকে সমর্থনও করেননি। রাজনৈতিক ভাষ্যকাররা অবশ্য এটিকে ভবিষ্যৎ উচ্চাকাঙ্ক্ষার ইঙ্গিত হিসেবে দেখছেন। পলিটিকোর প্লেবুক পডকাস্টের অ্যাডাম রেনের মতে, স্বতন্ত্র প্রার্থীদের নিয়ে কথা বলায় অনেকেই ভাবছেন, ২০২৮ সালে স্বতন্ত্র হিসেবে লড়ার ভিত্তি তৈরি করছেন তিনি।
সমালোচনাও কম হয়নি। রক্ষণশীল প্রভাবক লিংক লরেনের ভাষ্য, প্রেসিডেন্ট লড়াইয়ে নামলে ম্যাককনাহে "ছিঁড়ে খাওয়া" হবেন। কেউ কেউ আবার দাবি করেছেন, আবেগঘন বক্তব্যটি কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে লেখা।
এটাই তার প্রথম রাজনৈতিক ইশারা নয়। ২০২১ সালে টেক্সাসের গভর্নর পদে লড়ার কথা গুরুত্বের সঙ্গে ভেবেছিলেন তিনি, পরে সরে দাঁড়ান। ২০২৪ সালের জুলাইয়ে নিজেকে "শেখার সফরে" থাকা বলে বর্ণনা করেছিলেন। ভবিষ্যৎ লড়াই নিয়ে প্রশ্নে হেসে তিনি শুধু বলেছেন, "এখনো নয়।"
সূত্র: ডেইলি ওয়াদা