রাজধানীর দক্ষিণ বনশ্রীর একটি ফ্ল্যাট থেকে মোহাম্মদ শাহবাজ (২৬) নামের এক পাকিস্তানি নাগরিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
ছবি: ডেইলি ওয়াদা
মঙ্গলবার সকালে দক্ষিণ বনশ্রীর ৯/৫ নম্বর সড়কের এফ ব্লকের ৩৮ নম্বর বাসার একটি ফ্ল্যাট থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, সকাল সাড়ে ৮টার দিকে বাসার ভেতরে শাহবাজকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান দারোয়ান। খবর পেয়ে খিলগাঁও থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙে তাঁকে উদ্ধার করে।
পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক সকাল ১০টা ৫০ মিনিটে তাঁকে মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
পুলিশ যা বলছে
মতিঝিল বিভাগের খিলগাঁও জোনের অতিরিক্ত উপপুলিশ কমিশনার মোহসীন আল মুরাদ বলেন, ওই পাকিস্তানি নাগরিক বাংলাদেশেই বসবাস করতেন। তিনি ঋণগ্রস্ত ছিলেন। এ নিয়ে স্ত্রীর সঙ্গে তাঁর মনোমালিন্য ছিল। হতাশা থেকে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
খিলগাঁও থানার ওসি সাইফুল ইসলাম জানান, শাহবাজের পাকিস্তানি পাসপোর্ট উদ্ধার করা হয়েছে, যাতে ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশের ভিসা রয়েছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, তিনি বিদেশে লোক পাঠানোর কাজের সঙ্গে যুক্ত ছিলেন।
ফ্ল্যাট থেকে দুটি ফোন নম্বর লেখা একটি নোটও উদ্ধার করেছে পুলিশ। একটি নম্বর তাঁর পাকিস্তানে থাকা ভাইয়ের, অন্যটি তাঁর স্ত্রীর বলে শনাক্ত হয়েছে। স্ত্রীর সঙ্গে যোগাযোগ করে পুলিশ জানতে পেরেছে, তাঁদের বিয়ে হয়েছিল প্রায় এক বছর আগে। স্ত্রী পটুয়াখালীর বাসিন্দা।
কে এই শাহবাজ
শাহবাজের বাবার নাম নাজির আহমেদ। তাঁর বাড়ি পাকিস্তানের মুলতান জেলার জালালপুর থানার চাহ গোলাম মোহাম্মদ গ্রামে। পেশায় তিনি ব্যবসায়ী ছিলেন।